গাল ফোলা, পায়ে ব্যান্ডেজ: কী হয়েছে অভিনেত্রী মিমির?

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর চেহারায় হঠাৎ বড় ধরনের বদল দেখা গেছে। গাল ফোলা, ঠোঁটে কালশিটে দাগ ও পায়ে ব্যান্ডেজ নিয়ে বর্তমানে শয্যাশায়ী তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন মেকআপহীন ও অসুস্থ অবস্থার ছবি প্রকাশ করে অনুরাগীদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মিমি জানান, দাঁত তোলার কারণে তাঁর গাল ফুলে গেছে এবং ঠোঁটে সেলাইয়ের কালশিটে দাগ পড়েছে। এর পাশাপাশি পায়ে মারাত্মক টানের সমস্যায়ও ভুগছেন তিনি।

গ্ল্যামারাস লুকের বাইরে গিয়ে সম্পূর্ণ মেকআপহীন এই রূপ জনসমক্ষে তুলে ধরাকে ‘ফ্যাশন’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “অনলাইনে পরিপাটি থাকাটাই হয়তো এখন এত সাধারণ যে, নিজের আসল সত্তাটা দেখানোই সাহসিকতা হয়ে উঠেছে। তবে নিজের মতো সত্যি থাকাটাই কিন্তু এখন আসল ফ্যাশন!”

মিমির এমন পোস্ট দেখে সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। উল্লেখ্য, ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মিমি চক্রবর্তী শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির আইটেম গান ‘দুষ্টু কোকিল’-এ তাঁর অনবদ্য পারফরম্যান্সের কারণে এপার বাংলার দর্শকদের কাছে তিনি ‘দুষ্টু কোকিল’ নামেই বেশি পরিচিতি পেয়েছেন।