ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন বিশ্বজয়ী ‘বিলিওনেরা’ গান খ্যাত রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক একক কনসার্টে গান পরিবেশন করবেন তিনি। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের আয়োজনে এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠানের পাশাপাশি কনসার্টের অফিশিয়াল প্রমোশনাল পোস্টারটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন ওটিলিয়া নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই রোমানিয়ান এই গায়িকাকে ঘিরে বাংলাদেশি ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। তবে কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ।
২০১৪ সালে স্প্যানিশ ও ইংরেজি কথার সংমিশ্রণ এবং লাতিন-বালকান রিদমের ড্যান্স-পপ গান ‘বিলিওনেরা’ মুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি বিশ্বব্যাপী ড্যান্স ফ্লোর ও ক্লাবগুলোতে তুমুল ঝড় তোলার পাশাপাশি বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছেও দারুণ জনপ্রিয়তা পায়। এর আগে ২০২২ সালেও ঢাকায় পারফর্ম করেছিলেন এই পপ তারকা। দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে তাঁর এই প্রত্যাবর্তন শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।






