বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে ভারতে দুর্ভিক্ষ হবে: গয়েশ্বর

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখলে ভারতের দুর্ভিক্ষ কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধী সবাই মিলে কপাল ঠোকাঠুকি করেও দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯০ শতাংশ। আমরা শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভিসা ও এলসি এসব যদি বন্ধ থাকে, তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব না।

তিনি বলেন, আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে। আমরা বলেছি, সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতি থাকতে হবে। ছোট-বড় দেশ বলে কোনও কথা নাই। প্রতিটা দেশই কারও না কারও ওপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ। তাদেরও কিন্তু পোশাকের জন্য বাংলাদেশ ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ওপর নির্ভর করতে হয়। সুতরাং ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সঞ্চালনা করেন দৈনিক খোলাবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক জহিরুল ইসলাম কলিম।