১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানো হবে না। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না।

দুর্গাপুজা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। পূজার সময় সরকারের সব নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে।