রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার বন্ধু তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশ। এসব দেশকে রাশিয়ান মুদ্রা বাজারের পাশাপাশি ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রুশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন, ব্রাজিল, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

তবে এবার রাশিয়ার বন্ধু তালিকা থেকে বাদ পড়েছে আর্জেন্টিনা, হংকং, ইসরাইল, মেক্সিকো ও মলদোভা। শুরুতেই এই দেশগুলো মস্কোর বন্ধু দেশের তালিকায় ছিল।

ইউক্রেনে হামলার পর যেসব দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের রাশিয়া ‘অবন্ধু’ হিসেবে মনে করে। যেসব দেশ মস্কোর বন্ধু ও নিরপেক্ষ দেশের তালিকায় স্থান পেয়েছে, সেগুলোর মধ্যে অনেকগুলো মধ্য এশিয়ার দেশ, যারা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এ ছাড়া অনেক দেশ দীর্ঘদিন ধরে রাশিয়ার মিত্রদেশ হিসেবে পরিচিত।