আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও ভিসানীতির পরোয়া করে না। আমরা এই দেশের জনগণের শক্তিতে বিশ্বাস করি। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়। আমার গণতন্ত্র আমি করব, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে, এই দেশ গ্যাবনের আলি বোঙ্গোর দেশ নয়।
তিনি বলেন, যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব। তাদের কালো হাত ভেঙে দেব। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
এসময় নেতাকর্মীদের কাদের বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে এলে হাত ভেঙে দিতে হবে। আর আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর।






