কলেরা নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চলতি বছরে বিশ্বজুড়ে কলেরার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। অন্তত ২৬টি দেশে কলেরায় আক্রান্ত ও মৃত্যু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কলেরা প্রতিরোধবিষয়ক দলের প্রধান ফিলিপ বারবোজা বলেন, ২০১৯ সাল পর্যন্ত ২০টিরও কম দেশে পানি ও খাদ্যদূষণজনিত কারণে কলেরার প্রাদুর্ভাব দেখা যেত। ২০২০ সাল থেকে এটি বাড়তে শুরু করেছে এবং বর্তমানে তা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

তিনি জানান, গত ৫ বছরের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে কলেরায় মৃত্যুর হার বেড়েছে তিনগুণ। সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে আফ্রিকার দেশগুলো।

বারবোজা বলেন, এই মুহূর্তে সিরিয়া, আফগানিস্তান, ক্যামেরুন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মালাউই, নাইজেরিয়া, সোমালিয়া ও পাকিস্তানে কলেরার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। এসব দেশে প্রতিদিন কলেরায় আক্রান্ত হয়ে গড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

তিনি জানান, তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় কলেরার টিকা কিনতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে দরিদ্র দেশগুলোতে টিকার ডোজ সরবরাহ করাও অনিশ্চিত হয়ে উঠছে। এই মুহূর্তে আমাদের হাতে মাত্র কয়েক লাখ ডোজ কলেরা টিকা রয়েছে। সূত্র : রয়টার্স