বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা করার প্রক্রিয়া সহজ হচ্ছে। এখন থেকে মাত্র এক দিনেই পাওয়া যাবে ভারতের ভিসা। তবে যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান শুধু তাদেরকেই এই বিশেষ সুবিধা দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। এখন থেকে অতি দ্রুত সময়ের মধ্যে ভারতের মেডিকেল ভিসা পাওয়া যাবে। অর্থাৎ চিকিৎসার জন্য কেউ ভারতে যেতে চাইলে তিনি দ্রুত মেডিকেল ভিসা পেয়ে যাবেন। এর ফলে আর বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে না। আগামী রোববার থেকে এই নতুন নিয়ম চালু হবে।
ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানান, ভারতের ভিসা দপ্তরে আবেদন করার পরদিনই রোগী ও তার সহযোগী ভিসা পেয়ে যাবেন। এর ফলে চিকিৎসা পেতে সুবিধা হবে।
এ ছাড়া কয়েক মাস পর থেকে বাংলাদেশিদের ভারতের ভ্রমণ ভিসা পাওয়ার ক্ষেত্রেও আর কোনো অসুবিধা হবে না বলে জানান তিনি।






