বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

এর আগে, গত ১৯ অক্টোবর ফিলিস্তিনিদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। টানা দুই সপ্তাহ ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন।