গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি হলে মুক্তি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। এরপর থেকে চলচ্চিত্রটির প্রেক্ষাগৃহ কেবল বেড়েই চলেছে।
সম্প্রতি চলচ্চিত্রটির বিষয়ে একটি পোস্ট করে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ‘মুক্তির এক সপ্তাহ না যেতেই ছবিটির প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। বর্তমানে দেশের ১৬৪টি হলে চলছে মুজিব বায়োপিক। মুক্তির দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রেক্ষাগৃহে মুক্তির সংখ্যা, যা এ দেশে এবারই প্রথম’।
বহুল প্রতীক্ষিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস অনুভূতি প্রকাশ করছেন। বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য প্রথম দিনই দেশের প্রেক্ষাগৃহে ভিড় করেন দর্শনার্থী। সিনেমাটি দেখে কান্না করতে দেখা গেছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদেরও।
ঢাকার বাইরে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখার জন্য মানুষের ঢল দেখা গেছে। চলচ্চিত্রটির দর্শক চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া চলচ্চিত্রটি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন শাকিব খানসহ ঢালিউডের অন্যান্য তারকারাও।






