এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ জনে। একই সময়ে এক হাজার ৮৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে সারাদেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১১৪ জন।
শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১২ এবং ঢাকার বাইরের এক হাজার ৪৭৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন, ঢাকার বাইরের ১০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৫৮ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৯ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৩৩৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৫২ হাজার ৯৯০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৩০ জন আর ঢাকার বাইরের লাখ ৫৭ হাজার ৯৬০ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৩ হাজার ৬৩০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯১ হাজার ৯২২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫১ হাজার ৭০৮ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।






