প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ইসলাম ধর্মের সূরা কাফিরুনে স্পষ্ট বলা রয়েছে, ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’। অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে। কেউ কারও উপর হস্তক্ষেপ করবে না।
রোববার (২২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন। আমরা সবাই এই মাটির সন্তান। তাই সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করবেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাই এখানে সবার সমান অধিকার রয়েছে।
তিনি বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনাদের পূজা সম্পন্ন হোক। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আওয়ামী লীগের সব নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। এখানে যাতে কোনো রকম ঘটনা কেউ ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক থাকব।
সরকারপ্রধান বলেন, মানুষের কল্যাণ করাটাই আমাদের একমাত্র দায়িত্ব। ২০০৮ সালের নির্বাচনে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, সেটি করে দিয়েছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা সেটাও করতে পারব। আজকে আমাদের দেশে ঘরে ঘরে খাবার-বিদ্যুৎ, তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা। সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোয়া, সেটি আপনারা জানেন। আপনার বাংলাদেশের অগ্রযাত্রার জন্য আশীর্বাদ করুন।






