রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় ডিবির পোশাক পরে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ কথা জানান।
ডিবিপ্রধান বলেন, আমরা অনেক সময় শুনি- ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ছিনতাই-ডাকাতি করেছে। আমরা তাদের গ্রেপ্তার করে অস্ত্রও উদ্ধার করেছি। তেমনভাবে আজ যে বা যারা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাদের খুঁজছি। আমি মনে করি তারা অপরাধী। খুব শিগগিরই আমরা তাদের গ্রেপ্তার করব। তাদের বিরুদ্ধে মামলা হবে।
হারুন অর রশীদ আরও বলেন, পুলিশের অনেকগুলো গাড়িতে আগুন লাগিয়েছে, দুটি সরকারি গাড়িতে আগুন দিয়েছে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এখন হয়ত তারা মনে করেছে, একটা ড্রেস পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। তাদের সেই পাঁয়তারা আমরা সফল হতে দেব না। প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।






