নতুন খবর ডেস্ক: সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে দলটি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।
ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে দফায় দফায় ঢাকাসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। এবার ভোটের দিন হরতালের ডাক দিলো দলটি।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে নয়াপল্টনে দলের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে চার দফায় পাঁচদিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়াও তারা ২৮ অক্টোবরের পর থেকে ১২ দফায় মোট ২৩ দিন দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে।






