নতুন খবর ডেস্ক: দেশে কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কোন প্রেক্ষাপটে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, তা তুলে ধরেন ড. ইউনূস। সেই সঙ্গে একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার জন্য দৃঢ় অবস্থানের কথাও ব্যক্ত করেন তিনি।
অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সংস্কারের কাজ শুরু করেছে উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীকে বলব, একটা আলোচনা শুরু করতে, আমরা সর্বনিম্ন কী কী কাজ সম্পূর্ণ করে যাব, কী কী কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে সরকার একটি দিকনির্দেশনা পাবে। এর ফলে আমরা দাতা সংস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না।
তিনি বলেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।
এসময় নির্বাচন কমিশনকেও সংস্কার করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনকে যেকোনো সময় একটি আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যের কথা জানান তিনি।






