শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা

নতুন খবর ডেস্ক: সচিবালয়ে শিক্ষার্থীদের ধাওয়ায় বিভিন্ন পথ দিয়ে পালিয়েছেন আন্দোলনরত আনসার সদস্যরা। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার সময় আনসার সদস্যরা ধাওয়া দেন। পরে শিক্ষার্থীরা লাঠি নিয়ে আনসারদের প্রেসক্লাবের দিক থেকে তাড়া দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পিছু হটে যান।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাতক আব্দুল্লাহ ফেসবুক লাইভে এসে বলেন, আনসারদের বিভিন্ন দাবি মেনে নেয়া হলেও বাহিনীর একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করছেন। ফেসবুক লাইভে তিনি শিক্ষার্থীদের সচিবালয়ে আসার আহ্বান জানান।

এরপর রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয় অভিমুখে রওনা হন। পরে রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা পৌঁছালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত সচিবালয় এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।