সোনারগাঁয়ে বসুন্ধরার কারখানায় আগুনে ১১ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩), এবং আল আমিন (২৪)। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শ্রমিকরা কারখানার ইউনিট-১-এ অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা ১১ জন শ্রমিক এতে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে কারখানার অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

বসুন্ধরা পেপার মিল ইউনিট-১ এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান, এটি একটি ছোট আকারের অগ্নিকাণ্ড ছিল, যা ১০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতা ছাড়াই আগুন নেভানো হয়েছে।