সাংবাদিক অর্ণবকে কুপিয়ে জখমকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

সাংবাদিক আবু রায়হান অর্ণবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিক, রাজনীতিবিদ ও সচেতন নাগরিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান ও যুগ্ম আহবায়ক মো. তারেক রহমান, ইনভেস্টিগেটিভ জার্নালিষ্ট ফোরাম(আইজেএফ) নেতা রফিকুল ইসলাম কচি, অনলাইন সাংবাদিক কল্যাণ(বসকো’র) মহাসচিব ফয়সাল হাওলাদার, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক জোট এর সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আকাশ মনিসহ বিভিন্ন সাংবাদিক নেতারা।

এসময় তারা সাংবাদিক অর্ণবের ওপর হামলার তিনদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, সাংবাদিক অর্ণব সবসময় প্রতিবাদী এবং ২৪ এর আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। তাই বিগত ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার রেখে যাওয়া দোসররা তার ওপর চড়াও হয়ে মেরে ফেলার জন্য তুলে নিয়ে কুপিয়ে জখম করে। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের ভাইদের বলবো অজ্ঞাত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করুন।

উল্লেখ্য, এর আগে ২৮ নভেম্বর পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আবু রায়হান অর্ণবকে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে জখম করে রাজধানীর আফতাবনগর এলাকায় ফেলে যাওয়া হয়। এ ঘটনায় পরবর্তীতে বাড্ডা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।