আমাদের ঐক্যে চিড় ধরেনি: প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্টে সৃষ্টি হওয়া ঐক্যের কোথাও কোনো চিড় ধরেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘জুলাই-আগস্টে যে ঐক্য নিয়ে আমরা শত্রুর মোকাবিলা করেছি, যেভাবে ছাত্র-জনতা গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই ঐক্যে কোথাও কোনো চিড় বা ফাটল ধরেনি। এই কথাটা বিশ্ববাসীকে জানাতেই এখানে ডেকেছি আপনাদের।’

তিনি বলেন, ‘আমরা দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচারকে বিদায়ের পর, জাতি এখনও সজাগ ও মজবুত রয়েছে। এই কথাটাই সবাইকে জানাতে চাই।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগে পুলিশ মারতে গেলে চারজন দাঁড়িয়ে যেত, এখন ৪০ জন দাঁড়িয়ে যাবে। যত ষড়যন্ত্রই করুক, আমাদের থেকে এটা (বিপ্লব) ছিনিয়ে নেওয়া সম্ভব না। আমরা শক্তিমান জাতি, আমরা লড়াই করবো। জনগণকে জানিয়ে দিলাম, জাতির ঐক্য অটুট আছে। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না।’