ভারতে চার বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতের ত্রিপুরা থেকে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরা পুলিশ রাজ্যের খোওয়াই জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

শনিবার (১১ জানুয়ারি) ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন- মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া।

খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে বলেছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে তারা ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কমলেন্দু ধর।