ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গুইন লুইস বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকে গুইন লুইস নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অবাধ, সুষ্ঠু, ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও বৈঠকে রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক তহবিল হ্রাসের ফলে শরণার্থী শিবিরে শিক্ষা ও জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা ইউনূস রোহিঙ্গা সংকটে টেকসই আন্তর্জাতিক সংহতির ওপর জোর দেন।
গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ায় জাতিসংঘের অবিচল সমর্থন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।






