জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কোনো কারণে না-ও হতে পারে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত-এনসিপিসহ বিভিন্ন দল বলেছে- একটি আদেশের মাধ্যমে গণভোট করতে। এই প্রস্তাব দ্রুত কার্যকর করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ। নভেম্বরের মধ্যেই গণভোট হতে পারে। জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সব বাহিনীর মোতায়েন থাকা প্রয়োজন। এবার এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, স্থায়ীভাবে মাঠে রাখতে হবে।






