অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০ হত্যাকাণ্ড

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে। এই ৪০ জনের মধ্যে ১৯ জনকে গুলি, ১৪ জনকে নির্যাতন এবং সাতজনকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা অধিকার প্রকাশিত একটি প্রতিবেদনে ওঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চব্বিশের ৯ অগাস্ট থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে। এর মধ্যে ১১ জন গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

এছাড়া, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কারাগারে কমপক্ষে ২৭ জন মারা গেছেন, তাতে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৮-এ।

চব্বিশের অগাস্ট থেকে পঁচিশের সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কমপক্ষে ৩৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে, যার মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরে নিহত হয়েছেন ১০ জন।

গত মে মাস থেকে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত কমপক্ষে দুই হাজার ৩৩৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে বলেও মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে।

গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে ৪৬ জনের, তাতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সংখ্যা ২৮১-এ পৌঁছেছে।

গত বছরের অগাস্ট থেকে পঁচিশের সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে ৬৮৭ জন মেয়ে ও নারী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরে ভুক্তভোগীর এই সংখ্যা ১৮৮।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর গতবছর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১৫৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।