বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানান দিয়েছে জাতিসংঘ। মার্কিন এই সংস্থাটি চায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

সোমবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে জাতিসংঘের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। একই সঙ্গে এমন একটি পরিবেশ দেখতে চাই, যেখানে লোকজন ভয় ছাড়া যেকোনো পক্ষে কথা বলতে পারবে। এ ছাড়া ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ করা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

ইতোমধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সংবিধানে বলা রয়েছে, দলীয় সরকার থাকা অবস্থায় নির্বাচন হবে। আর নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে কমিশন। কিন্তু নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এজন্য দলটির নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরে আন্দোলনও করে আসছে। তবে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা একচুলও ছাড় দিতে রাজি নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। এমনকি তারা বেশকয়েকজনের উপর ইতোমধ্যে মার্কিন ভিসানীতিও প্রয়োগ শুরু করেছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ ছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না।