অবশেষে সিদ্ধান্ত বদল, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইইউ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় প্রতিনিধিদলটি ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে টেকনিক্যাল টিমের দুই সদস্য থাকবেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইউরোপীয় ইউনিয়ন চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবেন।

এর আগে, নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর ছয় সদস্যের একটি প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল গত ৮ থেকে ২৩ জুলাই ঢাকা সফর করে। এরপর জানানো হয়, আসন্ন নির্বাচনে সংঘাতের আশঙ্কা করে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দেশের গণমাধ্যমে উল্লেখ্য করা হয়। তবে এও বলা হয়, নির্বাচন কমিশন বা সরকার আমন্ত্রণ জানালে জাতীয় নির্বাচনে পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর পরিবর্তে ছোট একটি বিশেষজ্ঞ দল পাঠাতে পারে ইউরোপীয় ইউনিয়ন।