সাংবাদিক জিহাদুলকে হত্যার হুমকির ঘটনায় ডিবিএসএফ’র নিন্দা

দেশ রূপান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার জিহাদুল ইসলামকে গুলি করে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)।

বুধবার (১৮ অক্টোবর) সংগঠনটির সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

ডিবিএসএফ নেতৃবৃন্দ বলেন, টকশোতে কম দেখানোর অভিযোগে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকির ঘটনা নজিরবিহীন। এটি স্বাধীন সাংবাদিকতার পথে চরম অন্তরায়। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সংবাদমাধ্যমে হওয়া যেকোনো টকশোর সঙ্গে জড়িত সাংবাদিকরা আতঙ্কে থাকবেন। স্বাধীন সাংবাদিকতার প্রসারে এটি কোনোভাবে কাম্য হতে পারে না।

‌‘এ ছাড়া আরও অবাক বিস্ময়ের ব্যাপার হলো- এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত হিসেবে আকরাম হোসেন নামে দৈনিক কালবেলার এক সংবাদকর্মীর নাম এসেছে। আমরা মনে করি, কালবেলার মতো সাহসী ও স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারেন না। আমরা আশা করি, কালবেলা কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ তদন্ত করে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তা না হলে ডিবিএসএফ এ বিষয়ে কঠোর পন্থা অবলম্বন করতে বাধ্য হবে’, বলেন ডিবিএসএফ সভাপতি ও সাধারণ সম্পাদক।

একইসঙ্গে সংবাদিক জিহাদুলকে হত্যার হুমকিদাতা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রিপন গাজীকে আইনের আওতায় আনার দাবি জানায় ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম।