বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি আর ক্ষমতায় থাকে, শেখ হাসিনা যদি আবারও প্রধানমন্ত্রী হয় তাহলে তো আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। এটাই বাস্তব কথা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল ওবায়দুল কাদের বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ‘নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা’। তাহলে তো আবারও তিনি নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন। তাহলে তো আর নির্বাচনের প্রয়োজন নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটা দল যারা সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করে। নির্বাচনের আগে তারা সুন্দর-সুন্দর কথা বলেন, তাতে মানুষ আকৃষ্ট হয়। কিন্তু নির্বাচনের পরে ওই মানুষগুলোই আবার বলে আগে জানলে তো ভাঙা নৌকায় উঠতাম না।
বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদের বলেছেন ‘তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় আছে।’ তাহলে এটা নিয়ে তারা কেন ১৭৩ দিন হরতাল করেছিলেন? এতোগুলো মানুষকে কেন হত্যা করেছিলেন? যেহেতু আওয়ামী লীগ জানে সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা সংবিধানকে অবৈধভাবে কেটে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে।






