গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন, পাকিস্তান আমলে মানুষের লুঙ্গি খুলে চেক করত। আর বর্তমানে এই সরকারের পুলিশ মানুষের মোবাইল চেক করে দেখে সে বিএনপি-জামায়াত, গণ-অধিকার পরিষদ নাকি আওয়ামী লীগ করে।
শুক্রবার (২০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। সরকারের বিরুদ্ধে কথা বলা সব নেতার ওপর দমন-নিপীড়ন চালানো হচ্ছে। এই সংকট থেকে উত্তরণে সবাই মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, এই অক্টোবর মাসেই আমাদের আন্দোলনের বিজয়ের সূত্রপাত হবে। এখন আমাদের চূড়ান্ত আন্দোলনের সময়। আমরা জানি বাধা আসবে, তারপরও এগিয়ে যেতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রফেসর লুৎফর রহমান, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসা আমীন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।






