আবারও ক্ষমা পেলেন জাহাঙ্গীর

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আবারও ক্ষমা করে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ভবিষ্যতে দলের শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হলো।

শনিবার (২১ অক্টোবর) জাহাঙ্গীর আলম বরাবর পাঠানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমাপ্রার্থীদের প্রতি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো। উল্লেখ্য, ভবিষ্যতে কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধুকে নিয়ে তার একটি আপত্তিকর মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে। পরে মেয়র পদ থেকেও বরখাস্ত হন তিনি। পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারি তাকে ক্ষমা করা হয়েছিল। কিন্তু গত মে মাসে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিরোধিতা করে দ্বিতীয়বারের মতো দল থেকে বহিষ্কার হন তিনি।