রোববার থেকে ফের অবরোধ

সরকারের পদত্যাগের দাবিতে আবারও দুইদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৫ ও ৬ নভেম্বর (রবি ও সোমবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

অবরোধের পাশাপাশি শুক্রবার বিশেষ দোয়া কর্মসূচিও ঘোষণা করেন রিজভী।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির পক্ষ থেকে শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে।

এদিকে বিএনপির মতো জামায়াতে ইসলামীও গামী ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। তারা দেশটাকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুণর্বহাল এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৫ ও ৭ নভেম্বর শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি।