টাইমের কভার স্টোরিতে শেখ হাসিনা

নতুন খবর ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ‘বিস্ময়কর’ রাজনৈতিক নেতা হিসেবে আখ্যা দিয়ে কভার স্টোরি প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে টাইম।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা। তিনি গত এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন।

২০০৯ সাল থেকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন যা বিশ্বের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড। এর আগেও তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। দেশটির রাজনীতিতে এক সময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থীদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে দীর্ঘ এই সময় তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন। বিগত সময়ে শেখ হাসিনার ওপর ১৯ বার গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কিংবা ভারতের ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী হওয়া শেখ হাসিনা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে তিনি বলেছেন, ‌‘আমি আত্মবিশ্বাসী এ কারণে যে, আমার দেশের লোকজন আমার সঙ্গে আছে। তারা আমার প্রধান শক্তি।’