স্বাধীনতার ৫২ বছর পর প্রথমবারের মতো বাস গেল খালিয়াজুরীতে

নতুন খবর ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরী। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাস এসেছে এলাকায়। এই প্রথম এলাকার রাস্তায় ঘুরলো বাসের চাকা। বাসটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসুখ দেখা দেয়। বাস দেখতে ভিড় করে শত শত মানুষ। অনেকে তোলেন ছবিও।

শুক্রবার (২৯ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাসে চড়ে আসেন নির্বাচন কমিশনের মোতায়েন করা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় সারা দেশের মতো এই উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো বড় বাস নিয়ে উপজেলা সদরে আসেন বিজিবি সদস্যরা। এর আগপর্যন্ত উপজেলা সদরের রাস্তায় কোনো বাস চলেনি। তবে গত বছর থেকে এ উপজেলায় প্রাইভেটকার, জিপ ও ছোট ছোট ট্রাক চলতো।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহারেন্দু দেব রায় গণমাধ্যমকে বলেন, আমরা খুবই আনন্দিত। বাসটি দেখতে রাস্তার দুইপাশে ভিড় জমান শত শত মানুষ। আর এ স্মৃতিকে ধরে রাখতে অনেকে গাড়ির পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় খালিয়াজুরীতে এক প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২০ মার্চ ধনু নদীতে ফেরি চালু হওয়ায় বিজিবির টিম উপজেলা সদরে বাস নিয়ে আসতে পেরেছে। ফেরি নিয়মিত চলাচল করলে পুরোপুরি পাল্টে যাবে এলাকার অর্থনীতি। এ বিচ্ছিন্ন জনপদ জেলা সদরের সঙ্গে সরাসরি যুক্ত হবে। চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি, সমৃদ্ধ হবে এখানকার কৃষি ও মৎস্য শিল্প।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বানী জব্বার বলেন, গত ২০ মার্চ ধনু নদীতে ফেরি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এরপর থেকে এ উপজেলার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে। হাওড় এলাকার মানুষের কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ভিন্নমাত্র যুক্ত হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম উপজেলাতে বড় কোনো বাস এসেছে।