উখিয়ায় রোহিঙ্গাকে গুলি করে হত্যা

নতুন খবর ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দিল মোহাম্মদ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দিল মোহাম্মদ উখিয়ার ক্যাম্প-১৫ এর ব্লক-ই/১২ এর আবুল হাশিমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দিল মোহাম্মদকে ১২-১৪ জন রোহিঙ্গা দুর্বৃত্ত ধাওয়া করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার ডান কানের নিচে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালানোর পাশাপাশি ক্যাম্পে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

সম্প্রতি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খুনের ঘটনা বাড়ছে। কয়েকদিন আগে একদিনেই তিনজন খুনের শিকার হন। তবে নিহতরা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি আরসা ও আরএসওর সদস্য বা নেতা বলে জানানো হয়।