সাবেক পাটমন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে

নতুন খবর ডেস্ক: ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানান বলেন, রূপগঞ্জ থানায় করা দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার ভোরে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে ২১ আগস্ট করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করা হয়।

গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তৃতীয় দফায় সংসদ সদস্য হওয়ার পর তিনি মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান।