স্কুলের পাঠাগারে বই দিচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পাঠাগার সমৃদ্ধি করতে বই দিচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে স্কুুলের শিক্ষকদের কাছে শতাধিক বই হস্তান্তর করা হয়। পাঠাগারটিতে গল্প, উপন্যাস, ছোটগল্প, ইসলামিক, শিশুতোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ধরনের বই রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ফাইজুল কবীর, সহকারি প্রধান শিক্ষক হারুণ অর রশীদ, আব্দুল আউয়াল, ফজর আলী, খোরশেদ আলম, আলামিন, সিনথিয়া, শাওন ও লাইব্রেরিয়ান হালিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী নয়ন মোল্লা, সম্রাট ভূঁইয়া, সুজন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রাজু, খন্দকার তারিফ হোসেন, সৈকত প্রধান, হাফিজুর, আফতাব, রিফাত মীর, হৃদয়, আমান, মিলয়, মারুফ, মীর মাহফুজ প্রমুখ।

রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফাইজুল কবীর ‌‌‘সাবেক শিক্ষার্থীদের ঐক্য’ সংগঠনের এমন উদ্যোগগের প্রশংসা করে বলেন, আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পাঠাগার সমৃদ্ধিকরণের উদ্যোগ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আমরা এই বিদ্যালয়ের পাঠাগার সমৃদ্ধি করবো। শিক্ষার্থীরা যেন উৎসবমুখর পরিবেশে পাঠাগারে বই পড়তে পারেন। শিক্ষার্থীদের বই পড়তে আমরা উৎসাহ প্রদান করবো। এছাড়া, এক সময় একাডেমিক লেখাপড়ার পাশাপাশি গল্পের বই পড়ে অথবা খেলাধুলা করে সময় কাটালেও বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে। সেজন্য নতুন প্রজন্মকে বাঁচাতে বই পড়ানোর প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পাঠাগার রক্ষা এবং সমৃদ্ধি করবো। আমরা সবাই চেষ্টা করবো এই পাঠাগার আধুনিকায়ন করার জন্য। শিক্ষার্থীরা যেন চাহিদা অনুযায়ী পছন্দের বই পড়তে পারে। যত ধরনের বই লাগবে আমরা এই সংগঠন থেকে দেয়ার চেষ্টা করবো। এখন তথ্যপ্রযুক্তির যুগে ছেলেমেয়েরা বই পড়তেই চায় না। শিক্ষার্থীদের যেকোনো খারাপ কাজ, মাদকের নেশা, মোবাইল গেমিং থেকে দূরে রাখতে আমাদের এ উদ্যোগ।