দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং দখলদার ইসরায়েল। বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে এই চুক্তির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
চুক্তির প্রাথমিক মেয়াদ ৬০ দিন, যা পরবর্তীতে বাড়ানো হতে পারে। ইসরায়েল লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে, আর হিজবুল্লাহ সীমান্ত এলাকা ছেড়ে লিটানি নদীর ওপারে সরে যাবে। এছাড়া, হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ বা পুনরায় অস্ত্রসজ্জা করতে পারবে না।
নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েল লেবাননে স্থল ও আকাশ হামলা চালায়। বিশেষ করে রাজধানী বৈরুতে চালানো ইসরায়েলের আক্রমণে তিন হাজারের বেশি মানুষ নিহত হয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।






